চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা বাচ্চু ফের গ্রেপ্তার
এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সলিম উল্লাহ। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ বাচ্চুকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামে নাশকতার অভিযোগে তাঁকে ধরা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সলিম উল্লাহ। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পান।
জানা গেছে, সলিম উল্লাহ বাচ্চু চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।