শিবচরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১
![]() |
| বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় | ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া |
মাদারীপুরের শিবচরে ব্যক্তিগত গাড়ির ভাড়া নিয়ে তর্কের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পরিবহনশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার বিকেলে শিবচরের ঢাকা-ভাঙ্গা দ্রুতগতির মহাসড়কের পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরমান সরদার (৩৫) উপজেলার সিকদারকান্দি এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে শিবচরের মাদবরেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল হুদা চৌধুরী ঢাকায় যাওয়ার জন্য পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার ছেলে ফারুক মোল্লার গাড়ি ভাড়ার কার্যালয়ে গিয়ে একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে চান। ভাড়া বেশি চাওয়া নিয়ে চালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে আজমলের পক্ষের লোকজন গোলচত্বর এলাকায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ওই কার্যালয়টি ভাঙচুর করা হয়। একপর্যায়ে আজমলের পক্ষের জিয়াউল হক (৪৫) নামের এক ব্যক্তির ছোড়া গুলিতে আরমান আহত হন। তাঁকে গুরুতর অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সিসি ক্যামেরার দৃশ্য সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শাজাহান মোল্লা অভিযোগ করে বলেন, ‘আজমল হুদার লোকজন আমার ছেলের অফিস ভাঙচুর করেছে এবং আমাদের এক শ্রমিককে গুলি করেছে। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।’
অন্যদিকে আজমল হুদা চৌধুরী বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদ করায় এই ঝামেলা হয়েছে। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না। কয়েকজন চাঁদাবাজ আমার সঙ্গে খারাপ ব্যবহার করায় স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা সরতে বাধ্য হয়েছে। আমার কোনো লোক সন্ত্রাসী কাজ করেনি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন সেরনিয়াবাত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত থেকে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments