বাসের লাগেজে নেওয়া হচ্ছিল ৪৭টি ছাগল, দম বন্ধ হয়ে সব কটির মৃত্যু
![]() |
| বাসের লাগেজ বক্সে দম বন্ধ হয়ে মারা যাওয়া ছাগল | ছবি: সংগৃহীত |
যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। লালমনিরহাট থেকে ছাগলগুলো লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় ছাগলের প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এ দণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাসের সুপারভাইজার মো. আবুল হাসেম এবং লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ব্যবসায়ী মো. ফারুক।
জানা গেছে, শুক্রবার লালমনিরহাট থেকে আনিন্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ফারুক নামের এক ব্যবসায়ীর ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। বাসের লাগেজ বক্সে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছাগলগুলো রাখা হয়েছিল। দীর্ঘ পথ অতিক্রমের সময় শ্বাসরোধ হয়ে একে একে ছাগলগুলো মারা যায়। এ ঘটনার পর ছাগলের মালিকের ক্ষোভের মুখে পড়েন বাসচালক ও সুপারভাইজার। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়। পুলিশ দুই পক্ষকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ছাগলের মালিক মো. ফারুক দাবি করেন, তাঁর বাবা লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ছাগলগুলো কিনে বাসে করে লক্ষ্মীপুরে পাঠিয়েছিলেন। কিন্তু পরিবহনের সময় বাসচালক ও সুপারভাইজারের দায়িত্বহীনতার কারণেই শ্বাসরোধ হয়ে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। এতে তাঁদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, গত দুই বছর ধরে একই বাসের লাগেজ বক্সে নিয়মিত ছাগল আনা-নেওয়া করা হচ্ছে। প্রতিটি ছাগলের জন্য ৩০০ টাকা করে ভাড়া নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে এভাবে জীবন্ত প্রাণী বহন করা সম্পূর্ণ অন্যায় এবং নিষ্ঠুরতার শামিল। অতিরিক্ত গাদাগাদি ও বাতাস চলাচলের সুযোগ না থাকায় ছাগলগুলোর দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অমানবিকভাবে প্রাণী পরিবহন বন্ধে কঠোর নজরদারি ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

Comments
Comments