[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দিনাজপুরে বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
বটগাছের ডাল কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের বউবাজার চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন    

দিনাজপুরের নবাবগঞ্জে একটি বাজারের সরকারি বটগাছের ডাল কেটে প্রায় ৬০ হাজার টাকার কাঠ ও খড়ি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের বউবাজার চত্বরে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মুজিবুল হকের সহায়তায় লিটন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ৪৫ মণ কাঠ ও খড়ি জব্দ করেছেন। তবে করাতকলে বিক্রি করা মোটা ডালগুলো উপজেলা প্রশাসন এখনো উদ্ধার করতে পারেনি।

দাউদপুর বাজারের ইজারাদার ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মুক্তি মাহফুজের নেতৃত্বে কয়েকজন দাউদপুর বাজারের বউবাজার চত্বরে আসেন। পরে তাঁরা সেখানকার একটি পুরোনো বটগাছের ৯টি মোটা ডাল কাটেন।

এ সময় ওই বাজারের ইজারাদার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাঁদের প্রশাসনের অনুমতি ছাড়া গাছের ডাল কাটতে নিষেধ করেন। এতে খায়রুল ইসলাম ও মুক্তি মাহফুজ তাঁর সঙ্গে তর্কে জড়ান। ওই দিন বিকেলেই গাছের ডাল ও খড়ি দাউদপুর বাজারের একটি করাতকল এবং উপজেলার দুটি স্থানীয় বাজারের খড়ির দোকানে বিক্রি করে দেওয়া হয়। দাউদপুর বাজার কর্তৃপক্ষ জানায়, এসব কাঠ ও খড়ির আনুমানিক দাম প্রায় ৬০ হাজার টাকা।

বিক্রি করা ৪৫ মণ কাঠ ও খড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন ভূমি অফিসে | ছবি: পদ্মা ট্রিবিউন    

গাছের ডাল কাটা বা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মুক্তি মাহফুজ। তিনি বলেন, ‘গত সোমবার সকালে দাউদপুর বাজারে গিয়ে দেখি, বটগাছের দুই-চারটা ডাল কাটা হচ্ছে। আমি এ বিষয়ে আর কিছু জানি না।’

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘দাউদপুর বাজারের বউবাজার চত্বরে একটি বটগাছের ডাল কেটে বিক্রির অভিযোগ পেয়েছি। মঙ্গলবার বিকেলে ওই বাজারের একটি খড়ির দোকান থেকে ৪৫ মণ কাঠ ও খড়ি উদ্ধার করে ইউনিয়ন ভূমি অফিসে রাখা হয়েছে। বাকি কাঠ উদ্ধারের চেষ্টা চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন