[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভেরিফিকেশন ফির কারণে বিদেশে পড়ার স্বপ্ন ভঙ্গ হচ্ছে ঢাবি শিক্ষার্থীদের

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
 
জিনিয়া তাসনিমের সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ভেঙে গেল তাঁর নিজের দেশের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে। সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলো তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই সেবা দেয় অর্থের বিনিময়ে। সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলো আবার এর জন্য অতিরিক্ত খরচ করতে চায়নি। এর ফলে জিনিয়া তাসনিমের আবেদন প্রত্যাখ্যাত হয়।
 
জিনিয়া তাসনিমের স্বপ্নভঙ্গের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমালোচনা করছেন। বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নই ভেঙে দিচ্ছে না, দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করছে।
 
প্রায় ২০ হাজার টাকা খরচ করে সুইডেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আবেদন করলেও পুরো প্রক্রিয়াটি ভেস্তে যাওয়ায় জিনিয়া তাসনিম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর ক্ষুব্ধ।
জিনিয়া তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভেরিফিকেশন ফি’ তাঁর বিদেশে উচ্চশিক্ষার পথে কাঁটা হয়ে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ বলেছেন, ভেরিফিকেশন ফি নেওয়ার নিয়ম রয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় কোনো ভুল করেনি। তবে বিষয়টি জানার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা জানিয়েছেন, ফি নেওয়ার বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন।

জিনিয়া তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একাডেমিক কোনো ঘাটতি না থাকলেও ঢাবির প্রশাসনিক জটিলতা, নথিপত্র তুলতে দেরি এবং হঠাৎ ‘ভেরিফিকেশন ফি’ চাওয়া তার বিদেশে উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

জিনিয়া তাসনিম বলেন, ২০২০ সালের পর থেকে তিনি বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন শুরু করেন। শুরুতে যুক্তরাষ্ট্রে আবেদন করেছিলেন, কিন্তু ভিসার জটিলতার কারণে পরে ইউরোপে, বিশেষ করে সুইডেনে আবেদন করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি সুইডেনের দুটি বিশ্ববিদ্যালয়ে চারটি বিষয়ে আবেদন করেন, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন এবং সাক্ষাৎকারও সম্পন্ন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমলাতান্ত্রিক নানা জটিলতার অভিযোগও তোলেন জিনিয়া তাসনিম। তিনি বলেন, জরুরি ফি দেওয়ার পরও নির্ধারিত সময়ে ট্রান্সক্রিপ্ট পাননি। কর্মকর্তাদের অসহযোগিতা ও দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় তাঁকে।
জিনিয়া তাসনিম বলেন, ফল প্রকাশের আগের দিন পোর্টালে গিয়ে দেখি, আমাকে সবগুলো বিষয়ে অযোগ্য দেখানো হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, আমার ব্যাচেলর ডিগ্রিতে ন্যূনতম ক্রেডিট ১৮০ ইসিটিএস নেই। অথচ আমার সিলেবাস অনুযায়ী আমার ইসিটিএস ছিল ২৪০, যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। বিষয়টি জানিয়ে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে ইমেইল করি, কিন্তু কোনো উত্তর পাইনি।
 
উল্লেখযোগ্য অর্থ খরচ হওয়ার পরও শুধু এই অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়ার কারণে আমি সুযোগ হারিয়েছি।
জিনিয়া তাসনিম, শিক্ষার্থী
জিনিয়া তাসনিম আরও বলেন, পরবর্তীতে ফল প্রকাশের দিন বিকেলে একটি ইমেইল পাই। সেখানে জানানো হয়, আমার জমা দেওয়া কাগজপত্র যাচাই করতে তারা আমার বিশ্ববিদ্যালয়ে ইমেইল পাঠিয়েছিল, কিন্তু সেই ইমেইলের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেরিফিকেশনের জন্য টাকা চেয়েছে। ফলে ভেরিফিকেশন না হওয়ায় আমার আবেদন বাতিল হয়ে গেছে।

তিনি জানান, আমি পুরো প্রক্রিয়ায় প্রায় ১৩ হাজার টাকা আবেদন ফি, ৪–৫ হাজার টাকা কাগজপত্র কুরিয়ারের মাধ্যমে পাঠানোর খরচ এবং ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য কাজে আরও কয়েক হাজার টাকা ব্যয় করেছি। এত অর্থ খরচ হওয়ার পরও শুধুমাত্র এই অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়ার কারণে আমি সুযোগ হারিয়েছি।

জিনিয়ার এই ঘটনা জানার পর বিদেশি পড়াশোনা করা কিছু বাংলাদেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমালোচনা করছেন। তারা বলছেন, ক্রেডেনশিয়াল যাচাইয়ের জন্য বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় সাধারণত কোনো ফি নেয় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীর সনদ যাচাইয়ের সুপারিশ এলে সংশ্লিষ্ট শিক্ষার্থী তা পরিশোধ করে দেন। তবে জিনিয়া বলেন, বিষয়টি তিনি আগেই জানতেন না এবং বিশ্ববিদ্যালয়ও তাকে জানিয়েছে না।
 
সুইডেন থেকে পাঠানো ই–মেইলে জিনিয়া তাসনিমকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভেরিফিকেশন ফি চাইছে বলে তাঁর আবেদন বাতিল হয়েছে | ছবি: ইমেইলের স্ক্রিনশট

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলেছেন জিনিয়া তাসনিম। রেজিস্ট্রার ভবনে ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ট্রান্সক্রিপ্ট (শিক্ষা রেকর্ড) সংগ্রহের সময় রেজিস্ট্রার ভবনে আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। জরুরি ফি দেওয়ার পরও নির্ধারিত সময়ে ট্রান্সক্রিপ্ট পাইনি। আমাকে নিজেই কাগজপত্র খুঁজে বের করতে বলা হয়েছে, কর্মকর্তাদের অসহযোগিতা ও ভদ্র আচরণহীনতার সম্মুখীন হতে হয়েছে। একাধিকবার অফিসে এসে ছুটি নিয়ে গিয়েও কাজ শেষ করতে পারিনি।’

জিনিয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ বলেন, ‘ভেরিফিকেশন ফি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নেওয়া হয়। আমাদের ওয়েবসাইটে ভেরিফিকেশন ফি, ট্রান্সক্রিপ্ট ফি—সবকিছুই উল্লেখ করা আছে। শিক্ষার্থীরাও সাধারণত বিষয়টি সম্পর্কে অবগত থাকে।’

জিনিয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল অফিসে এসে দেখতে পারব যে বিশ্ববিদ্যালয় থেকে চিঠিটা আমাদের কাছে কীভাবে এসেছে।
 

আমরা দেখব এসব ফি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মের মধ্যে আছে কি না এবং সেগুলোর ক্ষেত্রে কোনো যৌক্তিকীকরণের সুযোগ রয়েছে কি না।

— সায়মা হক বিদিশা, সহ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা জানান, বিষয়টি তার নজরে এসেছে। তিনি রেজিস্ট্রারকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‘আগামী কর্মদিবসে রেজিস্ট্রারের সঙ্গে বসে পুরো বিষয়টির পেছনের প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ফি এবং ই–মেইলের বিষয়বস্তু বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। আমরা দেখব, এসব ফি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মের মধ্যে আছে কি না এবং সেগুলোর ক্ষেত্রে কোনো যৌক্তিকীকরণের সুযোগ আছে কি না,’ বলেন সায়মা হক বিদিশা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন