[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গান ও আবৃত্তিতে সত্যেন সেনের ১১৯তম জন্মজয়ন্তী উদ্‌যাপন

প্রকাশঃ
অ+ অ-
সত্যেন সেনের ১১৯তম জন্মদিনের অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদের হাতে সম্মাননা পদক তুলে দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন

সত্যেন সেন ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী সংগ্রামী মানুষ। তিনি একাধারে সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী এবং বাম রাজনৈতিক নেতা ছিলেন। এছাড়া তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন। শনিবার তাঁর ১১৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে বিভিন্ন সংগঠনের আয়োজনের মধ্যে। আলোচনা, সংগীতানুষ্ঠান এবং পদক প্রদান ছিল এসব আয়োজনের অংশ।

বিকেলে ছায়ানট মিলনায়তনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী তাঁর ১১৯তম জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী এবং মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা শাহীন সামাদকে সত্যেন সেন সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠান শুরু হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত এবং সত্যেন সেনের লেখা গান ‘হাতুড়িতে পেটাও লোহা/ মাকুতে দাও টান রে মজুর’ পরিবেশনার মাধ্যমে।

এরপর আলোচনা ও সম্মাননা প্রদানের পর্বে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ শিল্পী শাহীন সামাদকে বাংলাদেশের প্রথম মানচিত্রের ছাপ অঙ্কিত উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। আলোচনায় মামুনুর রশীদ বলেন, সত্যেন সেন কেবল বাংলাদেশে নয়, ভারতসহ বিশ্বের সব প্রান্তে বসবাসকারী সচেতন বাঙালির কাছেও পরিচিত। সাংস্কৃতিক জাগরণকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। তিনি শাহীন সামাদকে এই সম্মাননা পাওয়ার জন্য অভিনন্দন জানান।

পুরস্কারের প্রতিক্রিয়ায় শাহীন সামাদ বলেন, সত্যেন সেনের নামে নামাঙ্কিত এই সম্মাননা পেয়ে তিনি আনন্দিত। বিশেষ করে প্রথম দিকের জাতীয় পতাকার ছাপযুক্ত উত্তরীয় পরিয়ে দেওয়ায় তিনি অভিভূত। যেন ৫৫ বছর আগের সেই মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতি তাঁর মনে ফিরে এসেছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত উদীচীর (একাংশ) অনুষ্ঠানে সম্মিলিত সংগীত পরিবেশন করেন দলের শিল্পীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

এই পর্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানজার চৌধুরী।

পরে সত্যেন সেনের কবিতা ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী তাই দিয়ে রচি গান’ আবৃত্তি ও গানের যুগলবন্দী পরিবেশন করেন নায়লা তারান্নুম ও নবনীতা জাহিদ। সত্যেন সেনের গান ‘আজব কাণ্ড ঘটেছে রে ভাই’ পরিবেশন করেন সুরাইয়া পারভীন। এরপর বিভিন্ন সংগঠনের শিল্পীরা দলীয় সংগীত, নৃত্য এবং একক সংগীত পরিবেশন করেন।

দলীয় সংগীতের মধ্যে ঋষিজ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘মানুষের মাঝে বসবাস করি’, ক্রান্তি শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘নতুন দিনের নতুন ভোরে ডাক দিয়ে যায়’, বহ্নিশিখার শিল্পীরা গেয়েছেন ‘আজ যত যুদ্ধবাজ’। গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার শিশুরা পরিবেশন করে ‘ও আমার দেশের মাটি’। অণিক বসুর পরিচালনায় ‘আজি এ বসন্তে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা।

একক আবৃত্তি করেছেন রফিকুল ইসলাম ও সৈয়দ ফয়সাল আহমদ। একক সংগীত পরিবেশন করেছেন রত্না সরকার, এস এম মেজবা, শ্রাবণী গুহ রায় ও তামান্না নিগার।

‘মুক্তির সেনানীরা ছুটে আয়, মৃত্যু ও জীবনের মোহনায়’ শ্লোগান নিয়ে সত্যেন সেনের ১১৯তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠান শুরু হয় সম্মিলিত কণ্ঠে সত্যেন সেনের গান ‘মানুষেরে ভালোবাসি’ পরিবেশনা দিয়ে।

উদীচী (একাংশ) কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, প্রদীপ ঘোষ, মুরশিকুল ইসলামসহ অনেকে। আলোচনা পর্ব সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন অরুণিমা আহমেদ ও অনপুম হালদার। একক আবৃত্তি পরিবেশন করেন শিখা সেন গুপ্তা ও সৈয়দা রত্না। এই পর্ব সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য সৈয়দা অনন্যা রহমান।

শনিবার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সত্যেন সেন চত্বরে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) কথা, গান, কবিতা এবং স্মৃতি তর্পণের মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৯তম জন্মদিন উদযাপন করেছে।

উদীচীর (একাংশ) অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী সায়ান | ছবি: পদ্মা ট্রিবিউন

দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সদস্য কামাল হোসেন এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য একরাম হোসেন। সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

সত্যেন সেনের জন্মদিনে উদীচী শিল্পীগোষ্ঠী উদ্বোধন করে গান, আড্ডা ও গল্পের ধারাবাহিক আয়োজন ‘উদীচীর উঠান’। উদ্বোধনী দিনে উদীচীর উঠানে গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী সায়ান। তার পরিবেশনার মাঝে মাঝে শ্রোতারা তাদের আবেগ ও অনুভূতি ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী দলীয় সংগীত পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন মায়েশা সুলতানা ও মীর সাখাওয়াত হোসেন। কবিতা আবৃত্তি করেন সজীব তানভীর ও আবদুল্লাহ আল নিশাত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন