[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংসদে শব্দযন্ত্রে গোলযোগ: ‘সাবোটাজ’ কি না দেখতে তদন্ত কমিটি

প্রকাশঃ
অ+ অ-
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটির’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার | ছবি: সংসদ সচিবালয়ের কাছ থেকে পাওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা অন্তর্ঘাতমূলক ছিল কি না, তা খতিয়ে দেখে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কী করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।

শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

১২ মার্চ থেকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনই শব্দযন্ত্রের সমস্যার কারণে অধিবেশন কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও শব্দব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলের একজন সদস্য।

বৈঠক শেষে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, তাঁদের ধারণা এখানে কোনো অন্তর্ঘাত ঘটেছে। এ ঘটনা তদন্তে সংসদের নিরাপত্তা ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এ ছাড়া শব্দব্যবস্থার প্রকৃত সমস্যা খতিয়ে দেখতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞ ডাকার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চিফ হুইপ জানান, তদন্ত কমিটি মূলত দুটি বিষয় দেখবে। প্রথমত, এখানে কোনো অন্তর্ঘাত হয়েছে কি না। দ্বিতীয়ত, শব্দব্যবস্থায় সমস্যা কী এবং তা কীভাবে সমাধান করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, হেডফোন নিয়ে সবারই অভিযোগ আছে, তাঁর নিজেরও আছে। এত বড় একটি হেডফোন ব্যবহার করলে মাথা ও কান গরম হয়ে যায়। তিনি জানান, হেডফোন পরিবর্তন করা হবে।

চিফ হুইপ আরও জানান, সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রায় সব সংসদ সদস্য আবাসনসুবিধা পাবেন। স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ ও হুইপদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে। বাকি সংসদ সদস্যদের জন্যও আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটগুলোতে প্রয়োজনীয় জিনিস কেনার কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। আগামী ৩০ মার্চ আবার বৈঠক করবে কমিটি।

কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন