নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশকে মারধর
![]() |
| নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হন রেলওয়ে পুলিশের দুই সদস্য। রোববার বিকেলে | ছবি: ভিডিও থেকে সংগৃহীত |
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন রেলওয়ে পুলিশের দুই সদস্য। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আহত দুই পুলিশ সদস্য হলেন রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ হোসেন। হামলার ঘটনায় আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পুলিশের দাবি, মাদকসহ আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা এই হামলা চালিয়েছেন। তবে স্থানীয় কয়েকজনের দাবি, নিরপরাধ দুজনকে আটক করাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে গলাচিপা রেললাইন এলাকায় একটি অটোরিকশায় করে দুই ব্যক্তিকে নিয়ে যাচ্ছিলেন রেলওয়ে পুলিশের দুই সদস্য। এ সময় ওই দুই ব্যক্তি ধস্তাধস্তি শুরু করেন এবং সাহায্যের জন্য চিৎকার দেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁদের অটোরিকশা থেকে নামিয়ে পাশের একটি প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে লোকজন তাঁদের ‘ভুয়া পুলিশ’ বলে মারধর শুরু করে। পরে আহত অবস্থায় ওই দুই পুলিশ সদস্য সেখান থেকে পালিয়ে যান।
অন্যদিকে, পুলিশি অভিযানের মুখে পড়া হাফিজুর ও রমজান নামের দুই ব্যক্তির দাবি, তাঁরা শহরের কিল্লারপুল এলাকায় একটি ডাইং কারখানায় কাজ করেন। বিনা কারণে তাঁদের হাতকড়া পরিয়ে অটোরিকশায় তোলা হয়েছিল এবং তাঁদের টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছিল। চিৎকার করলে স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করেন।
রেলওয়ে ঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, এসআই মিজান মাদকবিরোধী অভিযানে গিয়ে দুজনকে গাঁজাসহ আটক করেছিলেন। আটক ব্যক্তিদের লোকজন ‘মব’ তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নেয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে সদর থানা-পুলিশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল হালিমও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।

Comments
Comments