ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
![]() |
| হঠাৎ কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফাল্গুনের মাঝামাঝিতে পদ্মা নদীর অববাহিকায় হঠাৎ কুয়াশা পড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে কুয়াশা জমতে শুরু করে। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদী পার হতে আসা বেশ কিছু যানবাহন ঘাটে আটকে পড়ে, ফলে চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানিয়েছে, শনিবার গভীর রাত থেকে নদীপথে কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। একপর্যায়ে কুয়াশা অতিমাত্রায় বেড়ে গেলে রাত সাড়ে তিনটা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে বড় ফেরি ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ও মাঝারি ফেরি ‘ঢাকা’, ৪ নম্বর ঘাটে মাঝারি ফেরি ‘বাইগার’ এবং ৭ নম্বর ঘাটে বড় ফেরি ‘কেরামত আলী’, ‘শাহ মখদুম’ ও ছোট ফেরি ‘হাসনাহেনা’ নোঙর করে রাখা হয়।
অন্যদিকে, পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে বড় ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ এবং ৫ নম্বর ঘাটে বড় ফেরি ‘ভাষাসৈনিক গোলাম মাওলা’ ও ছোট ফেরি ‘বনলতা’ নোঙর করা ছিল। সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পর কুয়াশা কমতে থাকলে রবিবার সকাল ৭টার পর থেকে এই রুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আবদুস সালাম জানান, নদীপথে হুট করে কুয়াশা পড়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে যানবাহন পারাপার শুরু হয়।

Comments
Comments