[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশে ১৮ মাসে সংখ্যালঘুদের ওপর ৩১০০ সহিংসতার তথ্য উঠল ভারতের রাজ্যসভায়

প্রকাশঃ
অ+ অ-
ভারতের রাজ্যসভা | ছবি: পদ্মা ট্রিবিউন 

বাংলাদেশে গত ১৬ মাসে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে ভারতের রাজ্যসভায় জানিয়েছে দেশটির সরকার। মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্যের বরাত দিয়ে এই চিত্র তুলে ধরা হয়েছে।

পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এই তথ্য দেন। তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে এসব হামলার ঘটনা ঘটেছে। তবে এই বক্তব্যের সপক্ষে কোনো তালিকা বা সুনির্দিষ্ট পরিসংখ্যান সেখানে দেওয়া হয়নি।

পবিত্র মার্গেরিটা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়গুলো ভারত সরকার নিয়মিত নজরে রাখছে। তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধারাবাহিকভাবে তোলা হচ্ছে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিদেশি অংশীদারদের সঙ্গেও আলোচনা করছে ভারত।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ভারত সরকার আশা করে, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনবে। সংখ্যালঘুসহ সব নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার মূল দায়িত্ব বাংলাদেশ সরকারের।”

তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে ভারতীয় মিশনগুলো কাজ করছে। এ জন্য জরুরি সাহায্য পাওয়ার একটি যোগাযোগ নম্বর (হেল্পলাইন) খোলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকে।

২০২৪ সালের আগস্টে গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এরপর থেকেই বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগগুলো বারবার সামনে আনছে ভারত সরকার। তবে বিগত অন্তর্বর্তী সরকার বরাবরই এ ধরনের ঢালাও অভিযোগ অস্বীকার করে এসেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন