[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুর্ঘটনা ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিএনপির এমপিরা, সংসদীয় দলে আলোচনা

প্রকাশঃ
অ+ অ-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সরকার দলীয় সভাকক্ষ। ২৮ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন

ঈদের ছুটিতে সড়ক ও নৌপথে অব্যবস্থাপনা, দুর্ঘটনায় প্রাণহানি এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। তাঁরা এ দুটি বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার বিএনপির সংসদীয় দলের সভায় সদস্যরা এ অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী আসরের নামাজের বিরতিসহ প্রায় দুই ঘণ্টা সভা চলে। এতে ১৫-১৬ জন সংসদ সদস্য বক্তব্য দেন। প্রধানমন্ত্রী সবার বক্তব্য শুনেছেন, তবে নিজে বিশেষ কিছু বলেননি বলে জানা গেছে।

সূত্র জানায়, সংসদীয় দলের সভায় একাধিক সংসদ সদস্য এবার ঈদুল ফিতরের ছুটিতে বিভিন্ন সড়ক ও নৌপথে ঘটে যাওয়া প্রাণহানির কথা তুলে ধরেন। তারা এতে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সড়ক, রেল ও নৌপথে মন্ত্রী শেখ রবিউল আলম কিছু লোকবলসংকটসহ সমস্যা থাকার কথা স্বীকার করেন।

সভায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সংকটের প্রভাব নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। তবে কয়েকজন সংসদ সদস্য কৃত্রিম সংকট তৈরি এবং চোরাচালানের অভিযোগ তোলেন। এ পরিস্থিতিতে ডিজেল ও অকটেনের দাম প্রতি লিটারে ১ থেকে ২০ টাকা পর্যন্ত কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও চোরাকারবারিদের দমন করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকের শুরুতে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম (মনি) একটি দৈনিক পত্রিকার ‘জনকল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকারের পথচলার ৩৭ দিন’ শিরোনামের প্রতিবেদন পড়ে শোনান। তিনি দলীয় সংসদ সদস্যদের প্রতিবেদনের আলোকে মাঠপর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানান। চিফ হুইপ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। পরে সংসদ সদস্যদের সবাইকে ওই পত্রিকার একটি করে কপি দেওয়া হয়।

প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নেওয়া কিছু পদক্ষেপের উল্লেখ থাকায় বলা হয়েছে, ‘রাজনীতিতে অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষায় পাহাড়সম দৃঢ়তা দেখানোর নজির বাংলাদেশের ইতিহাসে বিরল। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিরল নেতৃত্বের উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন।’

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বক্তব্য দেন। তবে তাঁর বক্তব্যে রোহিঙ্গা সংকট উল্লেখ না থাকায় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশ্ন তোলেন। পরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেবেন বলে সিদ্ধান্ত হয়।

১৩ দিনের বিরতির পর আজ রোববার বেলা তিনটায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। তার আগে বেলা দেড়টায় বিএনপির সংসদীয় দল আবার সভায় বসবে। সেখানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেবেন। সূত্র জানিয়েছে, ওই বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়েও আলোচনা হতে পারে।

সভার শুরুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

গতকাল বিএনপির সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংসদ নেতা প্রথমবারের মতো মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে অবহিত করতে, যাতে তাঁরা নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। তিনি বলেন, সরকার দেশকে কল্যাণকর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে প্রতি মাসে সংসদ সদস্যদের জন্য এমন ব্রিফিংয়ের আয়োজন করা হবে, যাতে সরকার কীভাবে চলছে এবং কী করতে চায়, তা তাঁরা জানতে পারেন।

চিফ হুইপ আরও জানান, সংসদীয় দলের সভায় বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের সংকট এবং বাস ও ট্রেন দুর্ঘটনা বিষয়টি ছিল। যোগাযোগমন্ত্রী এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংসদ সদস্যদের জানানো হয়েছে।

দেশে তেলের ঘাটতি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, তেলের ঘাটতি কিছু মিডিয়া ও কিছু মানুষের অতি উৎসাহ এবং চোরাচালানের কারণে কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এটি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তেলের মজুতদারি রোধ ও চোরাচালান ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন।

চিফ হুইপ বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে দুই লাখ টন তেলের জাহাজ ঘাটে লেগেছে, আরও দুই লাখ টন শিগগিরই দেশে পৌঁছাবে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চেষ্টা করছে এবং প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। বিষয়টি সংসদ সদস্যদের জানানো হয়েছে। আগামীকাল সংসদে জ্বালানিমন্ত্রী ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য দেবেন বলে সভায় জানানো হয়েছে। 

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর কে কী বক্তব্য দেবেন, সেই বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া দায়িত্ব গ্রহণের এক মাসে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, সেসব নিয়েও আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে তেলের দাম বেড়েছে, তবু বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না হওয়া সরকারের একটি সফলতা। এ বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয়, সেটি মাথায় রেখে সরকার ভর্তুকি দিয়ে তেল সরবরাহ করছে। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে এবং চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন