সারিয়াকান্দিতে শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
![]() |
| নিহত চয়ন রাজভর | ছবি: সংগৃহীত |
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তির ভাইসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত চয়ন রাজভর (৪০) উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাসিন্দা তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি বাজারে অবস্থিত ‘দ্য নিউ কনটেস্ট’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিবাদ ছিল। শুক্রবার রাতে ওই জমি নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের শাহিন ফকির ও তাঁর ছেলেরা চয়ন রাজভরের ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁর বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
চয়ন রাজভরকে বাঁচাতে গিয়ে তাঁর ভাই নয়ন রাজভর এবং প্রতিপক্ষের আমিনুর ফকিরও আহত হয়েছেন। নয়ন রাজভরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Comments
Comments