অটোরিকশা–নছিমনের সংঘর্ষে রাজশাহীতে প্রাণ গেল তিনজনের
| সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি |
রাজশাহীর বাঘায় সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চণ্ডীপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহত তিনজন হলেন—নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) ও আন্দী গ্রামের রকেনা বেগম (৯০)। দুর্ঘটনায় আহত শাহাজান আলী (৩৫) ও সীমা বেগমকে (৫০) উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বাঘার দিকে আসার পথে চণ্ডীপুর এলাকায় বিপরীতমুখী নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী প্রাণ হারান। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে।
এদিকে, গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী নগরের কাজিহাটা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রিফাত (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজপাড়া থানার ওসি আবদুল মালেক জানান, দুর্ঘটনার পর ট্রাকসহ চালক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহত রিফাতের বাবা মামলা করেছেন।
Comments
Comments