মাসুদ উদ্দিন ও মামুন খালেদকে ‘মানবতাবিরোধ অপরাধে’ গ্রেপ্তার দেখানোর আবেদন
![]() |
| মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ | ছবি: সংগৃহীত |
মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ২-এ এই আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে ট্রাইবুনালের পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তাঁর ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। এরপর পল্টন থানার মানবপাচার সংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মানবপাচার মামলার পাশাপাশি মাসুদ উদ্দিন চৌধুরীর এক-এগারোর সময়কার ভূমিকার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার জুলাই গণ-অভ্যুত্থানকাল সম্পর্কিত একটি হত্যা মামলায় পরদিন বৃহস্পতিবার আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি হেফাজতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি জানায়, রিমান্ডে থাকা শেখ মামুন খালেদকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট মামলার বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্ষমতা ব্যবহার করে অপরাধ করার সক্ষমতা তাঁর ছিল এবং এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে।

Comments
Comments