১৩ জেলেকে নাফ নদী থেকে ধরে নিল আরাকান আর্মি
![]() |
| নাফ নদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছেন। শনিবার সকালে সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন (১৮), মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক (৪০) ও মো. জাবের মিয়া (২৪)। তাঁরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
টেকনাফ শাহপরীর দ্বীপের ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, তিনটি নৌকার ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে জেলেপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। সীমান্তে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেলেদের ফেরত আনার চেষ্টা করা হবে।
স্থানীয় জেলেদের মতে, গত দুই বছরে অন্তত পাঁচ শতাধিক জেলেকে বিভিন্ন সময়ে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তাঁদের মধ্যে প্রায় তিন শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে ফেরত আসেন। আরও দেড় শতাধিক জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে আটকা রয়েছেন।

Comments
Comments