[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ, আগুন

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষোভ করে আগুন ধরিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন  

ময়মনসিংহের তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে এই বিক্ষোভ চলাকালে ক্ষতিগ্রস্ত কার্যালয়টির ভেতরে টায়ারে আগুন দেওয়া হয় এবং দেয়ালের ইট ভাঙচুর করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে পুড়ে যাওয়া ওই কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে ১০ জনের একটি দল তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে অবস্থিত ভাঙাচোরা কার্যালয়টিতে ঢোকেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর তাঁরা দ্রুত চলে যান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

গত বছরের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের তিনতলা কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছিল। দীর্ঘ দিন সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃহস্পতিবার ভোরে ওই কার্যালয়ে ঢুকে কার্যক্রম চালুর ঘোষণা দেন কয়েকজন। তবে তাঁরা দ্রুত বক্তব্য দিয়ে সেখান থেকে সরে যান।

এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। রাত আটটার দিকে তাঁরা কার্যালয়টিতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পোড়া কার্যালয়টির ভেতর টায়ারে আগুন দেওয়া হয় এবং দেয়াল ভাঙচুর করা হয়। পরে বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আল নূর আয়াস, জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্যসচিব তৌহিদ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আল নূর আয়াস বলেন, ‘আওয়ামী লীগ প্রকাশ্যে কর্মকাণ্ড শুরু করেছে দেখে আমরা সেখানে গিয়ে স্টিকারগুলো ছিঁড়ে ফেলেছি এবং আগুন দিয়েছি। দেয়াল ভাঙার পাশাপাশি কার্যালয়টির একটি ফটকেও আমরা তালা লাগিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা থানায় গিয়ে পুলিশকে বলে এসেছি, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের যেন গ্রেপ্তার করা হয়।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, রাতে আগুন দেওয়া হলেও তা নিজে থেকেই নিভে গেছে। টায়ার যতক্ষণ জ্বলেছে, ততক্ষণই আগুন ছিল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং দমকল বাহিনীরও প্রয়োজন পড়েনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না এবং এখানে কোনো স্বৈরাচারী শক্তিকে দাঁড়াতে দেওয়া হবে না। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন