ময়মনসিংহে পানি মেশানোয় দুই বিক্রেতার মাথায় ঢালা হলো ‘সামান্য দুধ’
![]() |
| ঈশ্বরগঞ্জ পৌরবাজারে পানি মিশিয়ে দুধ বিক্রির অভিযোগে দুই বিক্রেতার মাথায় সামান্য দুধ ঢেলে দেওয়া হয়। বুধবার | ছবি: ভিডিও থেকে |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে দুধে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করা ১৫–১৬ কেজি দুধে পানি মেশানোর প্রমাণ পাওয়ায় সেগুলো মাটিতে ঢেলে দেওয়া হয়।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে দুই বিক্রেতার মাথায় সামান্য দুধ ঢেলে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও ধারণ করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।
গত বুধবার বিকেল পাঁচটার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁচামাটিয়া সেতু এলাকার দুধ মহালে এই অভিযান চালানো হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
বিডি লিমন রহমান নামের একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার সন্ধ্যায় ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘ঈশ্বরগঞ্জ থানার ব্রিজ সংলগ্ন দুধ ব্যবসায়ীদের ওপর বাজার কমিটির নেতৃত্বে আধুনিক যন্ত্র দিয়ে দুধ পরীক্ষা করা হয়। এতে বেশ কিছু মানুষ দুধে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে এবং আজ হাতেনাতে ধরা পড়ে...।’
মো. জহির আলম নামের একজন লেখেন, ‘আমরা দুর্ভাগা জাতি, ১০০ টাকা কেজি দুধ কিনেও ভালো পাওয়া যায় না। ধন্যবাদ পরিদর্শনকারী দলকে।’
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার বলেন, ‘রোজা শুরুর আগে থেকেই ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে দুধ কিনেও ক্রেতারা পানি পাচ্ছিলেন। মানুষের অভিযোগের ভিত্তিতে গত বুধবার বিকেলে অভিযানে যাই। ১৫–১৬ কেজি দুধে পানি পাওয়া যায়, তবে বাকি বিক্রেতাদের দুধ ভালো ছিল। পানি মেশানো দুধ ফেলে দেওয়া হয়েছে। আর জীবনে যেন এমন কাজ না করে, সে জন্য দুজনের মাথায় সামান্য দুধ ঢেলে দেওয়া হয়।’

Comments
Comments