রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
![]() |
| রাজশাহীতে সাবেক ইউপি সদস্যকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছেছবি: র্যাবের সৌজন্যে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তাঁর বাড়ি দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামে। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি রাতে নিজের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে মোশাররফ হোসেনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে মোশাররফের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চারজন নামধারী ও আরও সাত-আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোশাররফকে মারধর করে পালিয়ে যান।
স্থানীয় লোকজন মোশাররফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোশাররফের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি র্যাব-৫ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এর আগে ১ ফেব্রুয়ারি একই মামলায় শিতলাই গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে রাকিব ও আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁরা মামলার ৩ ও ৪ নম্বর আসামি।
র্যাব-৫ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Comments
Comments