কক্সবাজারে এমপি’র গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু
কক্সবাজারে সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেলে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম খালেদ বিন ওয়ালিদ (৮)। সে ওই এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে এবং স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসন থেকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ আজ কুতুবদিয়া সফরে গিয়েছিলেন। সফর শেষে বিকেলে সড়কপথে পেকুয়া ও চকরিয়া হয়ে তিনি মহেশখালী ফিরছিলেন। ওই সময় তাঁর গাড়িবহরে ৮ থেকে ১০টি গাড়ি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাটা এলাকা পার হওয়ার সময় বহরের একটি গাড়ি শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে মা সুমাইয়া বেগম তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বদরখালী মাদ্রাসা গেট এলাকায় একটি ডাম্প ট্রাক দিয়ে সড়কের মাঝখানে ব্যারিকেড তৈরি করে সংসদ সদস্যের বহরের কয়েকটি গাড়ি আটকে দেন। ওই সময় সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি বদরখালী নৌ পুলিশ ফাঁড়ি পর্যন্ত চলে গিয়েছিল। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে এসে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার সহযোগিতায় আটকে পড়া গাড়িগুলো ছাড়িয়ে নিয়ে চলে যান সংসদ সদস্য।
সন্ধ্যায় শিশুটির মায়ের আহাজারির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় নিথর পড়ে আছে ছোট্ট সন্তান। মা তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বারবার ডেকে বলছেন, ‘উঠ বাবা…উঠ…।’
এই বিষয়ে জানতে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশুটি মারা গেছে। ইতিমধ্যে চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

Comments
Comments