বিএনপি প্রার্থীর অভিযোগে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
![]() |
| ইসলামী ব্যাংকের লোগো |
নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় চার কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থীর অভিযোগের পর এই ব্যবস্থা নেওয়া হয়।
নাটোর–২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহজনকভাবে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লেনদেনটি স্থগিত রাখার আবেদন করেন। অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর লেনদেনটি স্থগিত রাখা হয়।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ভোটের ঠিক এক দিন আগে এত বড় অঙ্কের টাকা উত্তোলনের বিষয়টি সন্দেহজনক। তিনি মনে করেন, এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহার হতে পারে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার স্বার্থে লেনদেনটি স্থগিত রাখা যুক্তিসঙ্গত।
ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম বলেন, চার কোটি টাকার লেনদেন ব্যাংকের জন্য বড় কোনো লেনদেন নয়। ভোটের সময়ে ব্যাংক বন্ধ থাকবে। এটিএম বুথের জন্য এই টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এতে কোনো সন্দেহের কারণ নেই।
সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা (এজিএম) উজ্জল কুমার বলেন, ‘লেনদেনটি নিয়ে অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের একটি লেনদেনকে একজন প্রার্থী সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছেন। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments
Comments