[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবার গোয়ালন্দে আওয়ামী লীগ কার্যালয়ে ‘পুনরুদ্ধারের ব্যানার’

প্রকাশঃ
অ+ অ-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানো হয়েছে। শনিবার ভোরে গোয়ালন্দ বাজার প্রধান সড়কসংলগ্ন কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘পুনরুদ্ধারের ব্যানার’ টানানো হয়েছে। শনিবার ভোরে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কসংলগ্ন দলীয় কার্যালয়ে যুবলীগের কয়েকজন কর্মী ব্যানারটি টানান।

উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে ব্যানারটি টানানো হয়। ব্যানারের এক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে শেখ মুজিবুর রহমানসহ কয়েকজনের ছবি রয়েছে। ব্যানারে লেখা হয়েছে, ‘গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পূর্ণ উদ্ধার (পুনরুদ্ধার) করা হলো’। নিচে আশরাফুল ইসলামের নাম ও দলীয় পরিচয় দেওয়া আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ১ মিনিট ১২ সেকেন্ড ও ২৮ সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন তরুণ কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানাতে ব্যস্ত। কার্যালয়ের বাইরেও একটি ব্যানার টানানো হয়েছে। ওই তরুণদের একজনের নাম শেখ সুরুজ, যিনি পৌর যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

শেখ সুরুজ মুঠোফোনে জানান, যুবলীগকে ভালোবাসেন বলে আশরাফুল ইসলাম ও তাঁর নেতৃত্বে ভোরে ব্যানারটি টানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা ৭ থেকে ৮ জন মিলে ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে দলীয় কার্যালয় পুনরুদ্ধার করলাম।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, ‘সকাল সাতটার দিকে খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। তবে সে সময় কার্যালয়ের সামনে বা ভেতরে কোনো ব্যানার বা ছবি পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘উদ্বোধনী’ ব্যানার টানানো হয়। পাংশা বাজারের প্রধান সড়কসংলগ্ন টেম্পোস্ট্যান্ডের দলীয় কার্যালয়টিতে ওই ব্যানার দেখা যায়। জায়গাটি সাবেক রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ির খুব কাছে।

ওই ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও জিল্লুল হাকিমের ছবি ছিল। ব্যানারের মাঝখানে বড় অক্ষরে ‘শুভ উদ্বোধন’ লেখা ছিল এবং পাশে জেলা আওয়ামী লীগের সদস্য ও জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের ছবি দেওয়া ছিল।

তারও আগে গত বুধবার ভোরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টানানো হয়। ওই ব্যানারে আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি ছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন