৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী
![]() |
| বরিশালের গৌরনদী উপজেলার শরিকল এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সরকার দ্রুতই সারা দেশে বড় পরিসরে খাল খনন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এই ঐতিহাসিক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিগগিরই। সেই সঙ্গে খালের দুই পাশে গাছ লাগিয়ে বনায়ন করার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার দুপুরে নিজের নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, খাল খনন নিয়ে ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু করতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। বর্তমানে চলমান প্রকল্পগুলোর একটি তিনি উদ্বোধন করেছেন, যা পরে বড় প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে।
খালের পাড়গুলো সবুজায়ন করা হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা এই খালগুলোর দুই পাড়ে বনায়নের জন্য গাছ লাগাব। শুধু খালের দুই পাড়েই নয়, দেশের সব বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও খোলা জায়গায় বনায়ন ও সবুজায়নের পরিকল্পনা নেওয়া হবে।’
বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এত কম জায়গায় এত বেশি মানুষ পৃথিবীর আর কোনো দেশে বাস করে না। ফলে আমাদের জীবনযাত্রায় চ্যালেঞ্জও বেশি। বিশেষ করে শিল্পায়ন ও নগরায়ণের কারণে দিন দিন ফসলি জমি ও বনভূমি কমছে। দেশ বৃক্ষশূন্য হয়ে পড়ছে, যার মারাত্মক প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। আমাদের পুরো বাস্তুসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ছে। সে কারণেই আমরা বনায়ন ও খাল খননকে একই সঙ্গে সমন্বিত প্রকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে) বক্তব্য উদ্ধৃত করে জহির উদ্দিন স্বপন জানান, তারেক রহমানের যেসব পরিকল্পনা ছিল, ক্ষমতায় যাওয়ার পরপরই তিনি সেগুলো বাস্তবায়নে হাত দিয়েছেন। খাল খনন, বনায়ন ও নারীর ক্ষমতায়ন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
খাল খননের বিষয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখিয়ে যাওয়া পথ বর্তমান প্রধানমন্ত্রীও অনুসরণ করছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই সময়ে খাদ্য উৎপাদনের সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে। পরে খালগুলো মরে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচি শুরু করা হয়েছে। এর ফলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে।
বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব। নির্বাচিত হলে আমরা সরকারে থাকব, না হলে থাকব না। তবে নির্বাচনী ব্যবস্থাকে আমরা শক্তিশালী করব।’
খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Comments
Comments