শাহরিয়ারের মতো পালিয়ে যেতে চান না আবু সাইদ চাঁদ
![]() |
| রাজশাহীর বাঘায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন |
আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে, সেভাবে পালিয়ে যেতে চান না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (চারঘাট ও বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে গেছে, আমি সেভাবে যেতে চাই না। শাহরিয়ার যেভাবে পালিয়ে গেছে, আমি সেভাবে পালিয়ে যেতে চাই না। আমি ১০ দিনের জন্য থাকলেও মানুষকে শান্তি দিতে চাই।’
বৃহস্পতিবার বিকেলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানে আবু সাইদ এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। এই আসনে সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের শাহরিয়ার আলম।
মাদকের ব্যাপারে কোনো আপস না করার ঘোষণা দিয়ে আবু সাইদ থানার ওসির উদ্দেশে বলেন, ‘বিএনপির লোক হলেও যারা ফেনসিডিলের সঙ্গে জড়িত, তাদের থানায় নিয়ে এসে ধরুন। এই ব্যাপারে তদবির করতে কোনো নেতা যদি থানায় যায়, তাকেও ধরুন। মাদকের সঙ্গে আমার কোনো আপস হবে না। আশা করি, আমাদের নেতাদেরও কোনো আপস হবে না। আপনার সাব-ইন্সপেক্টররা যদি মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাসিক বা সাপ্তাহিক চুক্তি করে, তবে তাদের হুঁশিয়ার করে দেবেন।’
আবু সাইদ আরও বলেন, ‘বিজিবি যে মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় পায়, অনেক সময় আসামি না ধরে সেগুলো শুধু পরিত্যক্ত হিসেবে দেখায়। কোনো মানুষ কি এটা বিশ্বাস করবে? আসামিকে না ধরে আজেবাজে লোকের নাম দিয়ে মামলা দেওয়া হয়। মাদক ধরলেন, কিন্তু আসামি কোথায়?’
থানার ওসির উদ্দেশে তিনি আরও বলেন, ‘যারা অবৈধভাবে বালুঘাট চালাচ্ছে এবং মানুষের জমি ধ্বংস করে লুটপাট করছে, তাদের ধরে হাজতে পাঠান। ছয় মাসের মধ্যে এসব পরিবর্তন করতে হবে। ছয় মাস অনেক সময়। আপনারা পরিবর্তন হন। আমি থানায় গিয়ে বললেই কাউকে ধরবেন—এমনটা চলবে না। ওসির ওপর বা প্রশাসনের ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক এবং দলীয় নেতা-কর্মীরা।
চিকিৎসকদের উদ্দেশে আবু সাইদ বলেন, ‘আজ যাঁরা চিকিৎসক, তাঁদের নতুন করে চিন্তা করতে হবে। আপনারা থাকতে আমাদের মানুষ কেন চিকিৎসার জন্য ভারতে যাবে? আমাদের দেশের চিকিৎসকরা কি পড়াশোনা জানেন না? নাকি নকল করে পাস করেছেন? এটা বন্ধ করতে হবে। আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের দেশেও ভালো চিকিৎসা সম্ভব। চিকিৎসকরা যদি সঠিক সেবা দিতে পারেন, তবে মানুষ আর ভারতে যাবে না।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামানের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, ‘আসাদ ভাই বাঘার সন্তান। ছয় মাসের মধ্যে এই অবস্থার পরিবর্তন করতে হবে। কী কী প্রয়োজন আমাকে বলবেন, প্রয়োজনে আর্থিক সাহায্যও করব। আপনি প্রমাণ করে দেবেন যে ভারতের চেয়ে আমাদের চিকিৎসার মান অনেক ভালো। আমার নেতা তারেক রহমান ভারতের চিকিৎসাকে বর্জন করতে চান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সম্মান জানাতে চাই।’
দলের নেতাদের উদ্দেশে আবু সাইদ বলেন, ‘থানায় গিয়ে দালালি করা যাবে না। দেশ যদি নিয়মের মধ্যে আনতে হয়, তবে কত এমপি জেলে যাবে তা আপনারা দেখতে পাবেন। কোনো অবৈধ কাজের সঙ্গে যে-ই জড়িত হবে, তাকেই জেলখানায় যেতে হবে।’

Comments
Comments