[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাসসের এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

প্রকাশঃ
অ+ অ-
মাহবুব মোর্শেদ | ছবি: বাসস

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এক তথ্য বিবরণীতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব (গ্রেড-১) এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্যসচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী সচিবকে (প্রেস-১)।

বিবরণীতে বলা হয়েছে, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগগুলো নিরপেক্ষ ও স্বচ্ছভাবে যাচাইয়ের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই কমিটি অভিযোগগুলো গভীরভাবে খতিয়ে দেখবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালাবে। কমিটিকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, ‘বাসসে যা ঘটেছে, তা দুঃখজনক। বাসস একটি সরকারি সংবাদ সংস্থা। এখানে নিয়োগ বা অব্যাহতির সুনির্দিষ্ট নিয়ম আছে। সরকার সেই নিয়ম অনুযায়ীই সবকিছু বিবেচনা করবে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আলোচনার মাধ্যমে বিধি মোতাবেক তার সমাধান করা হবে।’

গত বুধবার দুপুরে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মচারীদের একটি অংশ। তাঁরা তাঁকে কার্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। বিক্ষোভের মুখে মাহবুব মোর্শেদ অফিস থেকে চলে যান।

পরে এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দেন মাহবুব মোর্শেদ। সেখানে তিনি অভিযোগ করেন, ‘উচ্ছৃঙ্খল জনতা’ বা ‘মব’ তৈরি করে তাঁকে সরানোর জন্য চাপ দেওয়া হচ্ছে।

ফেসবুক বার্তায় মাহবুব মোর্শেদ লেখেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তী সরকারের নিয়োগে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও সরানোর নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?’

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৮ আগস্ট মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের প্রধান পদের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব পাওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার পরের দিনই তাঁকে বিক্ষোভের মুখে কার্যালয় ছাড়তে হলো।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন