[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগের পুনর্বাসন চান বিএনপি নেতা, ফেসবুকে দিলেন পোস্ট

প্রকাশঃ
অ+ অ-
আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে বিএনপি নেতা আকবর হোসেনের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে’ আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবর হোসাইন। এ ছাড়া আওয়ামী লীগ ছাড়া নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি আলাদা পোস্ট করেন।

মঙ্গলবার ও বুধবার নিজের যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক আইডিতে আকবর হোসাইন এই দুটি পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টের নিচে পক্ষে-বিপক্ষে অনেকে মন্তব্যও করেছেন।

মঙ্গলবার ফেসবুক পোস্টে আকবর লেখেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব...দিয়ে রাজনীতি চলবে না।’ পরে বুধবার দুপুরে অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’

ফেসবুকে পোস্ট দুটি দেওয়ার কথা স্বীকার করেছেন আকবর হোসাইন। বুধবার রাত সোয়া আটটার দিকে তিনি বলেন, ‘আমার পোস্টের সঠিক অর্থ বুঝতে হবে। আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলেরই রাজনীতি নিষিদ্ধ হোক, এটা চাই না। আর বর্তমানে দেশের যে চলমান রাজনীতি, এই রাজনীতিটা যারা করছে বিএনপির পরে, তারা সঠিক উপায়ে (প্রপার ওয়েতে) রাজনীতি করতে পারছে না।’

আকবর হোসাইনের ফেসবুক পোস্টের স্ক্রিটশট

আকবর হোসাইন আরও বলেন, ‘আমার পোস্টের অর্থ হলো, বাংলাদেশে রাজনীতি করতে হলে শক্তিশালী আরেকটি বিরোধী দল বা সরকারি দল প্রয়োজন। বর্তমানে যারা আছে, তারা সঠিক পথে রাজনীতি করতে পারছে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হচ্ছে আওয়ামী লীগই। তবে এখানে একটি কথা আছে—আমি চাচ্ছি যে, যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত, সাজাপ্রাপ্ত বা অপরাধে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হোক। বিচার শেষে আওয়ামী লীগের যে বিশাল একটি জনগোষ্ঠী এখনো দেশে আছে, আমি তাদের পুনর্বাসনের কথা বলছি।’

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন