রমজানে রেস্তোরাঁ বন্ধের নির্দেশ বাজার সমিতির, ইউএনও বলছেন আইনসম্মত নয়
![]() |
| চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার বণিক সমিতির নোটিশ | ছবি: সংগৃহীত |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার বণিক সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে রমজান মাসে বাজারের সব খাবার দোকান ও চায়ের দোকান সকাল-সন্ধ্যা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ না মানলে এক হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। বুধবার রাতে বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রোকন উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুজাতপুর বাজারের সব হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানিদের জানানো যাচ্ছে যে, রমজানের পবিত্রতা রক্ষায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশ অমান্য করলে এক হাজার টাকা জরিমানা করা হবে।’
এই ঘোষণা নিয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অন্তত পাঁচজন বাসিন্দা অভিযোগ করেন, বাজার সমিতির এমন সিদ্ধান্তে তাঁরা বিরক্ত। সব খাবার দোকান বন্ধ করার কোনো অধিকার সমিতির নেই। এছাড়া অন্য ধর্মের মানুষেরও খাবার দোকানে যাওয়ার প্রয়োজন হতে পারে, যা তাঁদের অধিকার। বিষয়টি তাঁরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।
এ বিষয়ে সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন মুঠোফোনে জানান, এলাকাবাসীর অনুরোধে রমজানের মর্যাদা রক্ষায় তাঁরা এই বিজ্ঞপ্তি দিয়েছেন। তবে তিনি স্বীকার করেন যে, এমন নির্দেশ দেওয়ার আইনগত অধিকার তাঁদের নেই। এখন প্রশাসন যে সিদ্ধান্ত দেবে, তাঁরা সেটিই মেনে নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম বলেন, রমজানে সকাল-সন্ধ্যা হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রাখার যে নির্দেশ বাজার সমিতি দিয়েছে, তা আইনসম্মত নয়। এমনকি নির্দেশ অমান্য করলে জরিমানা আদায় করার ক্ষমতাও তাদের নেই। বাজার সমিতির নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments