এবার রাজবাড়ী আওয়ামী লীগের কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি
![]() |
| রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
এবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এ ছাড়া দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও দেখা গেছে। ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি রয়েছে।
ধারণা করা হচ্ছে, বুধবার ভোরের কোনো এক সময়ে এসব ছবি ও ব্যানার টাঙানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মাস্ক পরা কয়েকজন তরুণ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।
বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিসহ ব্যানার ঝুলছে। কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি পাওয়া না গেলেও সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ নির্বাচন নিয়ে কয়েকটি পোস্টার সাঁটানো দেখা গেছে।
স্থানীয় ফল ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকেও শুধু জাতীয় পতাকা টাঙানো ছিল, আর কিছু ছিল না। সকালে দোকান খুলতে এসে দেখি কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙানো হয়েছে। সম্ভবত ভোরের দিকে কোনো এক সময় এটি লাগানো হয়েছে।’
এর আগে গতকাল সকালে দুই-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা তুলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়ার ছবিসহ একটি ব্যানার টাঙিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন এবং ব্যানার-ছবি টাঙানো নিয়ে এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নতুন করে ব্যানার ও ছবি টাঙানোর বিষয়টি জানতে পেরেছি। জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ নিচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Comments
Comments