আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে স্লোগান
![]() |
| নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে স্লোগান দেন কয়েকজন। গতকাল বুধবার বিকেলে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙিয়ে স্লোগান দেওয়ার অভিযোগে একজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বুধবার রাতে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সায়মন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে পাঁচ থেকে সাতজন সমর্থক ও নেতা-কর্মী ব্যানার টাঙিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে দ্রুত সরে যান। বিকেলে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ওই ব্যানার খুলে ফেলেন। পরে রাতে সায়মনকে সেখান থেকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দাবি, দুপুরে যখন সেখানে ব্যানার টাঙানো হচ্ছিল, তখন সায়মন উপস্থিত ছিলেন।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার অভিযোগে মামলা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জের জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়েও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

Comments
Comments