[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে কাফনের কাপড়

প্রকাশঃ
অ+ অ-
কুমিল্লা-৭ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির এক পক্ষের নেতা-কর্মীরা। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির এক পক্ষের নেতা-কর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

২৪ ডিসেম্বর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেদোয়ান আহমেদ। সেদিন কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মনোনয়ন পরিবর্তনের দাবিতে চান্দিনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করেন কুমিল্লা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলমের সমর্থকরা। সমাবেশ শেষে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে কয়েকজনকে কাফনের কাপড় পরে থাকতে দেখা যায়। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে কিছুক্ষণ অবস্থান করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, কুমিল্লা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম। এলডিপির মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করে এই আসনে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ। এতে আতিকুল মনোনয়নবঞ্চিত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। ২৪ ডিসেম্বর রেদোয়ান আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সেদিন বিকেলেই আতিকুল আলমের পক্ষে সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম বলেন, ‘চান্দিনার বিএনপি নেতা-কর্মীরা এই মনোনয়ন কখনো মেনে নেবেন না। আমাদের নেতা তারেক রহমানের কাছে এই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।’

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূঁইয়া এবং স্থানীয় জ্যেষ্ঠ নেতারা। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মুন্সী, পৌর যুবদলের আহ্বায়ক মো. নূরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল্লাহ প্রমুখ।

রেদোয়ান আহমেদ ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হন। ২০০১ সালে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বেগম খালেদা জিয়ার সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ২০০৬ সালে বিএনপি ছেড়ে যোগ দেন অলি আহমদের এলডিপি দলে এবং দীর্ঘদিন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপি–জোটের প্রার্থী ছিলেন তিনি।

২০০৬ সালে রেদোয়ান আহমেদ দল ছাড়ার পর আতিকুল আলমের বাবা খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপির দায়িত্ব নেন। তিনি উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০১৮ সালে তার মৃত্যুর পর ছেলে আতিকুল আলম উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন