[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইজিবাইকের ভাড়া নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, অন্তত ৩০ জন আহত

প্রকাশঃ
অ+ অ-
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার চিলাউড়া–হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রানীগঞ্জ পশ্চিমবাজার এলাকায় রানীগঞ্জ থেকে বাউধরন সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। ১৫ দিন আগে স্ট্যান্ডের লোকজন ইজিবাইকের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করেন। এতে বাউধরন ও স্বজনশ্রী গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে চিলাউড়া–হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বাউধরন গ্রামের বাসিন্দা সালেহ উদ্দিন আহমদ ইজিবাইকের ভাড়া আবার ৩০ টাকা নির্ধারণ করেন। তবে এই ভাড়া নিয়েও দুই গ্রামের ইজিবাইকচালকদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। এর জেরে গতকাল শুক্রবার বিকেলে বাউধরন গ্রামের মুজিব মার্কেট এলাকার গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের ইজিবাইকগুলো বের করে দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, উভয় পক্ষের ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন