[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেটে কিশোর গ্যাং বিরোধে হামলায় আহত তরুণের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
মো. ফাহিম | ছবি: সংগৃহীত

সিলেটে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত মো. ফাহিম (২৩) মারা গেছেন। আজ বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

গত সোমবার হামলায় গুরুতর আহত হয়েছিলেন ফাহিম। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে সিলেট নগরের বালুচর এলাকার ছাড়ার পাড়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাহিমের বড় ভাই মো. মামুন আহমেদ (২৫) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় ‘বুলেট মামুন গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। গত ১০ অক্টোবর মামুনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১১টি মামলা আছে। কারাগারে যাওয়ার পর ছোট ভাই ফাহিম বালুচর এলাকার কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ নেন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ দেখা দেয়।

গত সোমবার বালুচর এলাকায় ফাহিমকে একা পেয়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে আঘাত করে ফেলে রাখে। এরপর তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের মতে, ১০ নভেম্বর রাতেই উন্নত চিকিৎসার জন্য ফাহিমকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে মঙ্গলবার রাতে সিলেটে ফেরানোর পথে ভোররাতে শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটের শাহপরান থানার ওসি মনির হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের আধিপত্য নিয়ে বিরোধের কারণে ফাহিমের ওপর হামলা হয়েছে। ফাহিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন