অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
![]() |
| মেহজাবীন চৌধুরী | ছবি : মেহজাবীনের ফেসবুক থেকে |
শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা এক মামলায় মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ঢাকার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর প্রতিক্রিয়ায় জনপ্রিয় এই অভিনেত্রী বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর বিচারক আফরোজা হক তানিয়া মেহজাবীন ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার বাদী আমিরুল ইসলাম আজ রোববার জানান, ৩ নভেম্বর অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইয়ের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে গ্রেপ্তার–সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলায় বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবীনের। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হতে তিনি ২৭ লাখ টাকা দেন। পরে মেহজাবীন ও তাঁর ভাই দীর্ঘদিন ধরে ব্যবসা শুরু করার উদ্যোগ নেননি। ব্যবসা শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে—আজ দেব, কাল দেব বলে সময় কাটান।
বাদীর অভিযোগ, এ বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিসান তাঁকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন ও তাঁর ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪–৫ জন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মেরে ফেলার হুমকি দেন। এরপর বিষয়টি সমাধানের জন্য তিনি ভাটারা থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি আদালতে মামলা করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মেহজাবীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘আমি মেহজাবীন চৌধুরী। আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এ ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যাঁরা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাঁদের কাউকে আমি চিনি না। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই, যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।’
আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবেন জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে!’
বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমি আমার সহকর্মী গণমাধ্যমকর্মীদের অনুরোধ করছি, ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না। আর আমার সব শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতজনকে বলব, আপনাদের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।’

Comments
Comments