[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেসবুকে বিদ্বেষপূর্ণ মন্তব্য এড়াতে সিলেট জেলা বিএনপির সতর্কবার্তা

প্রকাশঃ
অ+ অ-
বিএনপি

সিলেট জেলা বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কোনো নেতা বা কর্মী যদি এ নির্দেশনা লঙ্ঘন করেন, তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রোববার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।

এদিকে, দলের একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করায় বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমানকে (আছকির) সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন গণমাধ্যমে দলীয় শৃঙ্খলার বিপরীতে বক্তব্য দেওয়ায় জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামকে (ফারুক) সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী মন্তব্য দেখা গেছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রচারিত হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিএনপি সব সময় সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করে। তাই দলের কোনো নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কাম্য নয়। এজন্য জেলা বিএনপি সংশ্লিষ্ট সব ইউনিটের নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করেছে, যাতে ভবিষ্যতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী  বলেন, সম্প্রতি ফেসবুকে কিছু নেতা-কর্মী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে জেলা বিএনপি নির্দেশনা দিয়েছে। যারা তা মানবেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন