পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন
পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দলীয় ও পারিবারিক সূত্রে তাঁর এই পদের কথা নিশ্চিত করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর স্বজন ও পরিচিতদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। আজ বিকেলে রতনপুর এলাকার উজিরের বাগানে স্থানীয় বাসিন্দারা তাঁর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।