কাপ্তাইয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
![]() |
| মো. মামুন | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত |
রাঙামাটির কাপ্তাইয়ে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত নেতার নাম মো. মামুন (৪২)। তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হঠাৎ রামদা ও ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালায়। তাঁর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মো. মামুনের বোন পান্না আক্তার বলেন, ‘আমার ভাইটারে জানে মারতে চেয়েছিল। আগে আওয়ামী লীগ করত, এটা কি তাঁর অপরাধ? তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে।’
চন্দ্রঘোনা ইউপির চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ইউপি সদস্য মামুন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। আজ ভোর পাঁচটায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপাতত তাঁর সুস্থতার দিকে নজর দেওয়া হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, তাঁরা বিষয়টি জেনেছেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments