আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারে: ছায়ানট সভাপতি
![]() |
| ছায়ানট সভাপতি সারওয়ার আলী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রমনার বটমূলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
অপশক্তি আবহমান বাংলার গানের সংস্কৃতির যে ঐতিহ্য, তা থেকে শিকড় বিচ্ছিন্ন করতে চায় বলে মন্তব্য করেছেন ছায়ানট সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, ‘আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। সংস্কৃতির সব প্রকাশ যেন বাধাগ্রস্ত না হয়। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারে।’
রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে ছায়ানট সভাপতি এসব কথা বলেন। তিনি বলেন, শান্তিপ্রিয় মানুষকে ভয় দেখিয়ে সংগীত থেকে দূরে রাখতে চায় অপশক্তি। আবহমান বাংলার গানের যে সংস্কৃতি, তা থেকে তারা মানুষকে আলাদা করতে চায়।
সারওয়ার আলী বলেন, সমাজে ইতিমধ্যে অসহিষ্ণুতা বেড়েছে। বেড়েছে মতপ্রকাশের ক্ষেত্রে দলবদ্ধ হেনস্তার আশঙ্কা। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে আজ পারস্য সভ্যতাও ভয়াবহ বিপর্যয়ের মুখে। বিশ্ববাসী আজ বিপর্যস্ত ও আতঙ্কিত। দেশের মাটিতে নতুন বছরের প্রথম প্রহরে তিনি বিশ্বশান্তি কামনা করেন।
সকাল ৬টা ১৫ মিনিটে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন শুরু হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে ৮টা ২৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয়।

Comments
Comments