[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে বিটিআরসি কর্মকর্তাকে কুপিয়ে জখম, চাঁদা দাবির অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী মেডিক্যালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলন করেন মো. ইসরাফিল হক। সোমবার | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে এক সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত কর্মকর্তার নাম ইসরাফিল হক। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক। সোমবার দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের সহযোগিতায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ইসরাফিল হক জানান, প্রায় দুই মাস আগে তিনি মহিষবাথান এলাকায় নিজের তিন কাঠা জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন। শুরু থেকেই স্থানীয় মারুফ হোসেন ও মিমসহ কয়েকজন ব্যক্তি বিভিন্ন অজুহাতে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কখনো বালু-পাথর সরবরাহ, কখনো বাড়ির পাশে জায়গা রাখা, আবার কখনো ঠিকাদারি বা রাস্তা ব্যবহারের কথা বলে লাখ লাখ টাকা দাবি করা হয়। নিরাপত্তাহীনতার কারণে এর আগে তিনি কিছু টাকা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘আমি একজন সরকারি কর্মকর্তা। বাড়ি করার জন্যই ছুটি নিয়ে এসেছিলাম। বাড়ি করার সময় বিভিন্নভাবে আমার কাছে টাকা চাওয়া হয়েছে। রোববার ইফতারের আগে প্রায় ২৫ জনের একটি দল আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি এর বিচার চাই।’

এই ঘটনায় ইসরাফিল হকের স্ত্রী বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় মারুফ হোসেন, মিম, তৌকির, নাহিদ, মাহিন ও প্রকৌশলী নাবিল ওরফে রিপনসহ ৫ থেকে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে মারুফ হোসেনের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বাড়ির পাশে জায়গা ছাড়া নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘বাড়ি করার সময় পাশে জায়গা রাখা নিয়ে সমস্যার বিষয়টি আমরা জানি। এ নিয়ে বেশ কিছু দিন ধরে ঝামেলা চলছে। স্থানীয় লোকজন ও পুলিশ সমাধানের চেষ্টা করেছে। রোববার বিকেলেও পুলিশ সেখানে গিয়েছিল। কিন্তু পুলিশ চলে আসার পর এই ঘটনা ঘটে। তাঁর বাঁ হাতের কবজিতে গুরুতর আঘাত লেগেছে। মামলা নেওয়া হয়েছে এবং সেখানে চাঁদা দাবির কথা উল্লেখ আছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। আসামিদের ধরার চেষ্টা চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন