সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’
![]() |
| মাহফুজ আলম ও তাজনূভা জাবীন | ছবি: সংগৃহীত |
সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার ‘অল্টারনেটিভস’ নামের এই মোর্চার ১৭ সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা রয়েছেন।
শুক্রবার রাত সোয়া নয়টার দিকে অল্টারনেটিভসের ফেসবুক পাতায় এই কমিটি সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মিনিট পাঁচেক পর মাহফুজ আলমের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বার্তাটি প্রচার করা হয়।
মাহফুজ আলম ছাড়া অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটির অন্য সংগঠকেরা হলেন—আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। তাঁদের মধ্যে তাজনূভা জাবীন ও হাসান আলী এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইমন সৈয়দ দলটির সাবেক যুগ্ম প্রধান সংগঠক (দক্ষিণাঞ্চল) ছিলেন।
সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরে এই জাতীয় সাংগঠনিক কমিটির সদস্যসংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে অল্টারনেটিভসের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। মাহফুজ আলম সেই অভ্যুত্থানের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন। অভ্যুত্থানের পর তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তালিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের বড় একটি অংশ এনসিপিতে যোগ দেন। শুরুতে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পরে নানা সিদ্ধান্তকে কেন্দ্র করে মাহফুজ আলমের সঙ্গে দলটির শীর্ষ নেতৃত্বের দূরত্ব তৈরি হয়। সেই কারণে মাহফুজ আর এনসিপিতে যোগ দেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন একটি রাজনৈতিক মোর্চা গঠনের উদ্যোগ নেন তিনি। সেই উদ্যোগের অংশ হিসেবেই এই কমিটি ঘোষণা করা হলো।
অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটি গঠনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাঁদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ তৈরি করা। জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও পর্দার আড়ালে থাকা সক্রিয় আন্দোলন কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এই কমিটির কাজ। এই মোর্চা আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন।

Comments
Comments