আলুর লোকসানে কৃষকের ঈদ আনন্দ ম্লান
![]() |
| ডুবে যাওয়া খেত থেকে আলু তুলছেন শ্রমিকরা। সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত। পচে যাওয়ার আশঙ্কায় পরিবারের সবাই মিলে নেমে পড়েছেন আলু তোলায়। আর সেই কাজ দেখছেন শামসুল হক। কেমন আছেন জানতে চাইলে মুচকি হাসলেন তিনি। বলেন, ‘দেখিবাই তো পারছেন, কেমন আছু।’ এরপর চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলেন, ‘আলুর দাম নাই। বিক্রি করতে গেলেই লোকসান আর লোকসান। তার ওপর বৃষ্টিখান আসিয়া হামাক ধ্বংস করে দিয়া গেইল।’
শামসুল জানান, ধারদেনা করে এবার দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। ১ কেজি আলু উৎপাদনে তাঁর ১৫ টাকা খরচ হলেও বাজারে ৯ থেকে ১০ টাকা দরে সেই আলু কেনাবেচা হচ্ছে। বৃষ্টিতে খেত ডুবে যাওয়ার পর সব কৃষক একসঙ্গে আলু তুলে ফেলছেন। এতে আলুর দাম আরও কমে গেছে। আলু কেনার লোকও নেই।
গত শনিবার সকালে ঠাকুরগাঁও–বালিয়াডাঙ্গী সড়কের পাশে দাসপাড়া এলাকায় কথা হয় শামসুল হকের সঙ্গে। তিনি জানান, প্রতিবছর জমির ফসল বিক্রি করে লাভের টাকায় কৃষকেরা পরিবারের জন্য ঈদের কেনাকাটা করেন। কিন্তু এবার লাভ তো দূরের কথা, আলু বিক্রি করতে গেলেই লোকসান গুনতে হচ্ছে। এবারের ঈদের প্রসঙ্গ তুলতেই শামসুল বলেন, ‘হামার ফের ঈদ।’
বছর দুই হলো ফেরদৌসী আকতারের স্বামী মারা গেছেন। সেই থেকে তাকেই স্বামীর জমিজমা দেখভাল করতে হয়। ফেরদৌসী এবার এক একর জমিতে আলু চাষ করেছেন। সেই জমির আলু তুলছিলেন তিনি। দাম ও ক্রেতা না থাকায় জমির আলু নিয়ে বিপাকে পড়েছেন এই নারী। এরই মধ্যে ঈদের চিন্তা পেয়ে বসেছে তাঁকে। ফেরদৌসী আক্ষেপ করে বলেন, ‘আমার দুই ছেলে। ভাবছিলাম, আলু বিক্রি করে ওদের জন্য ঈদের কেনাকাটা করব। কিন্তু আলুর তো দাম নাই। বিক্রিও হচ্ছে না। এবার ঈদ করব ক্যামন করে?’
বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য বালিয়াডাঙ্গী গ্রামের কৃষক মহিদুল ইসলাম দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। এক বিঘা জমিতে আলু আবাদ করতে রোপণ, নিরানি, সার, কীটনাশক, সেচ ও উত্তোলন খরচ—সব মিলিয়ে গড়ে তাঁর ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হয়েছে। বৃষ্টির জমা পানিতে পচে যাওয়ার আশঙ্কায় খেত থেকে সব আলু তুলে ফেলছেন তিনি। মহিদুল বলেন, ‘বাজারে আলুর যে দাম, তাতে উৎপাদন খরচ উঠছে না। আগে কথায় কথায় বলতাম, পানির দামে ফসল বিক্রি করে দিলাম। এবার আলু পানির দামের চেয়েও কম যাচ্ছে। দোকানে আধা লিটার পানি কিনতে গেলে দুই থেকে আড়াই কেজি আলু বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় ঈদের খরচের কথা ভাবতে পারছি না। আলুর দাম নাই, ঈদের কেনাকাটাও নাই।’
শুধু শামসুল ইসলাম, ফেরদৌসী আকতার ও মহিদুল ইসলাম নন; ঠাকুরগাঁওয়ের প্রান্তিক কৃষকদের সবারই এবার একই অবস্থা। আলুর দাম না থাকায় তাঁদের মধ্যে ঈদের আমেজ নেই।
শনিবার ছিল সদর উপজেলার খোঁচাবাড়ি হাটের দিন। হাটে আশপাশের মানুষজন কেনাকাটা করতে আসেন। কিন্তু হাটে তেমন কর্মব্যস্ততা দেখা যায়নি। দু–একটি দোকানে কয়েকজন ক্রেতা থাকলেও বেশির ভাগ দোকানে অলস সময় কাটাচ্ছিলেন দোকানিরা।
শহরের নর্থ সার্কুলার সড়কে দুই মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন সিংপাড়া এলাকার বাসিন্দা জাহের আলি। দোকানের সামনে দাঁড়িয়ে তিনি মেয়েদের কিছু বোঝাচ্ছিলেন। ঈদের কেনাকাটা করছেন কি না জানতে চাইলে জাহের আলি বলেন, ‘মেয়ে দুইটা নতুন জামা কিনার বায়না ধরিছে। দোকানদার একটা জামার দাম ছয় হাজার টাকা চাচ্ছে। ওই জামা কিনতে গেলে কম করে হলেও ১৫ মণ আলু বিক্রি করতে হবে। তাই মেয়েদের বোঝাচ্ছি, ওরা যেন কম দামের জামা নেয়।’
পাকিজা ফ্রেবিকসের মালিক সোহরাব হোসেন বলেন, ‘এবার ঈদের বাজার খুব একটা ভালো নয়। গত বছর ১৫ রমজানের পর থেকে প্রতিদিন কম করে হলেও দেড় লাখ টাকা বিক্রি করেছি। এখন বিক্রি হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। গ্রামের মানুষ খুব একটা বাজারে আসছে না।’
সদরের কহরপাড়া গ্রামের শহিদুল ইসলাম শহরের চৌধুরী বাজার থেকে ছেলের জন্য জুতা কিনে বাড়ি ফিরছিলেন। কথা হলে আক্ষেপ করে তিনি বলেন, ‘চার মণ আলুর দামে এক জোড়া জুতা কিনিবা হইল। জুতা–কাপড়ের এত দাম, হামার আলুলারই দাম নাই।’
আকচা গ্রামের বর্গা চাষি বেলাল হোসেন পাঁচ বস্তা আলু শহরের পাইকারি সবজি বাজারে বিক্রি করতে এসে আবার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে কথা হয়। বেলাল হোসেন বলেন, ‘ঈদের খরচ করিবা নাগে। বিক্রিরতানে বাজারত আলু নিয়া গেছিনু। পাইকার অর্ধেক দাম কহে। তাই বাড়িত ধরিয়া যাছু। আলুর দাম না পাইলে ঈদের খরচ করিমো ক্যামন করে?’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের মৌসুমে জেলায় ২৮ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে আবাদ হয়েছে ২৮ হাজার ২৮৫ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, এই এলাকায় চাহিদার চেয়ে বেশি আলু উৎপাদন হয়। অতিরিক্ত আলু ব্যবহারের সুযোগ তৈরি করতে হবে। আলুর ব্যবহার বাড়লে কৃষক ফসলের ন্যায্য দাম পাবেন।

Comments
Comments