[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলেজে তালা দিলেন শিক্ষার্থীরা

প্রকাশঃ
অ+ অ-
অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন   

নোয়াখালীর সুবর্ণচরে একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। এতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কলেজের ভেতরে আটকা পড়েন। পরে জ্যেষ্ঠ শিক্ষকদের হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেন।

কলেজ কর্তৃপক্ষের দাবি, বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ চলছে। নির্বাচনী পরীক্ষায় (টেস্ট) যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তাঁদের এ বছর পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণেই অকৃতকার্য শিক্ষার্থীরা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন। মূলত আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সুযোগ চান।

তবে কর্তৃপক্ষের এসব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঠিকমতো কলেজে আসেন না। তাঁর নিয়মিত উপস্থিত না থাকার কারণে কলেজে ঠিকমতো ক্লাস হয় না। এ পরিস্থিতিতে কলেজের পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে রসিদ ছাড়াই টাকা নেওয়া হয়। এসব অনিয়মের প্রতিবাদেই তাঁরা বিক্ষোভ করেছেন।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান মুঠোফোনে বলেন, দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পাওয়া নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসির নির্বাচনী পরীক্ষায় কলেজের ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে পাস করেন ৪১ জন। এরপর সম্পূরক পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষার মাধ্যমে পাস করানো হয় আরও ১১৬ জনকে। বাকি ১১১ জনকে এইচএসসির ফরম পূরণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। এর জের ধরেই শিক্ষার্থীরা কলেজ ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন