চারটি হত্যা মামলাসহ পাঁচ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত
| সেলিনা হায়াৎ আইভী | ছবি: সংগৃহীত |
হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আগামী ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন। এই পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং একটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই পাঁচ মামলায় আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। সেই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান। আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
আইভীর আইনজীবীদের তথ্যমতে, গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। শুরুতে পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলেও ৯ নভেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তবে ১২ নভেম্বর চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন। এরপর ১৮ নভেম্বর তাঁকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি সেই পাঁচ মামলায় তিনি পুনরায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আজ তা আবার স্থগিত হলো।
এদিকে, যেদিন (২৬ ফেব্রুয়ারি) আইভী দ্বিতীয় দফায় জামিন পান, সেদিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম মণ্ডল হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি।
Comments
Comments