গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
| পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি |
গাইবান্ধা সদর উপজেলায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলেন অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪)। অনুরুদ্ধ ওই গ্রামের নরেশ চন্দ্রের ছেলে এবং অপূর্ব একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।
বাদিয়াখালী ইউনিয়নের সদস্য ছানা মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব, অনুরুদ্ধ ও কয়েকটি শিশু খেলছিল। এর মধ্যে অনুরুদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। অন্য শিশুরা খেলার একপর্যায় নিজ বাড়িতে চলে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না ফেরায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে তারা জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে খালে গিয়েছিল। পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন বলেন, ‘বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’
Comments
Comments