নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ
![]() |
| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদী সমাবেশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণ, হত্যা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ধর্ষণ রোধে সরকারের 'শূন্য সহনশীলতা' বা জিরো টলারেন্স নীতি কার্যকর করা, জাতীয় কমিশন গঠন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক সৈয়দ মো. শেখ ইমতিয়াজ। তিনি বলেন, ধর্ষণের মতো অপরাধ বন্ধে সরকারের প্রথম কাজ হওয়া উচিত ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা। শুধু অপরাধের খবর নয়, বরং অপরাধীর শাস্তির খবরও গণমাধ্যমে প্রচার করতে হবে। মানুষ যেন দেখতে পায় যে অপরাধ করে পার পাওয়া যায় না।
অধ্যাপক শেখ ইমতিয়াজ মন্তব্য করেন, ধর্ষণের ঘটনাগুলোতে প্রায়ই রাজনৈতিক প্রভাব কাজ করে। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলের উচিত অপরাধীকে আশ্রয় না দেওয়ার ঘোষণা দেওয়া। ধর্ষণ প্রতিরোধের জন্য একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এই কমিশনে শিক্ষাবিদ, অধিকারকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের রাখা উচিত। তাঁরা ধর্ষণের কারণগুলো নিয়ে গবেষণা করবেন এবং নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন আবদুল্লাহ বলেন, একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশের মানুষকে আরেকটি বীভৎস ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। তিনি দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া হোমায়রা বলেন, একজন নারী যখন ঘর থেকে বের হন, তখন তাঁর মনে প্রথম চিন্তা থাকে যে তিনি নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না। যখন ছয় বছরের একটি শিশুকেও এই আশঙ্কায় থাকতে হয়, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। শিক্ষা বা কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বাড়লেও রাস্তায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নারীর ক্ষমতায়ন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

Comments
Comments