কোম্পানীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
| লাশ | প্রতীকী ছবি |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি পুকুর থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চবিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা পুকুরটি সেচতে গিয়ে কচুরিপানার নিচে এই লাশ দেখতে পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে পুকুর থেকে মাছ ধরার জন্য সেচযন্ত্র বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে পানি কমে গেলে স্থানীয় লোকজন মাছ ধরার প্রস্তুতি নেন। তখনই তাঁরা লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটি অন্তত ২০ থেকে ২৫ দিন আগের। পচন ধরায় তাঁর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, দুর্বৃত্তরা হত্যার পর ওই ব্যক্তির লাশ পুকুরটিতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments
Comments