প্রবাসী স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের ‘ফন্দি’, নিজের সন্তানকেই অপহরণ করলেন বাবা
![]() |
| অপহরণ | প্রতীকী ছবি |
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আট বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় শিশুটির বাবা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পাকা গ্রামের দাসপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মোড়াকাটি গ্রামের বাসিন্দা ও শিশুটির বাবা আজিজুল হক (২৮) এবং তাঁর সহযোগী জীবননগর উপজেলার দক্ষিণপাড়ার আকতার হোসেন (২৬)।
পুলিশ জানায়, সিয়াম নামের শিশুটির মা প্রবাসে থাকেন। এ কারণে শিশুটি নানার বাড়ি জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় বসবাস করছিল। মাদকাসক্তির কারণে আজিজুল হকের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে নিজের ছেলেকে অপহরণের পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী সোমবার বিকেলে শিশুটিকে নানার বাড়ি থেকে কৌশলে তুলে নেওয়া হয়।
শিশুটিকে একটি নির্জন বাগানে নিয়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছবি তোলা হয় এবং তা প্রবাসী মায়ের কাছে পাঠানো হয়। এ সময় ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়।
শিশুটির মা বিষয়টি তাঁর ভাইকে জানান। জীবননগর থানায় অভিযোগ করা হয়। একপর্যায়ে থানার পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে অভিযান চালায়। অভিযানে রাতেই শিশুটি উদ্ধার করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো টাকা ও একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটি সুস্থ আছে জানিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments