[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশঃ
অ+ অ-
ডাকাতি | প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক শিক্ষক দম্পতির বাড়িতে জানালার গ্রিল ও দরজা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন রংমালা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক হরলাল দেবনাথ ও মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীরানী ভৌমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা হরলাল দেবনাথ ও লক্ষ্মীরানী ভৌমিককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

একপর্যায়ে ডাকাতেরা হরলাল দেবনাথকে মারধর করে তাঁর ভাই কান্তি লাল দেবনাথের পাশের ভবনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখান থেকে নগদ ৫৬ হাজার টাকাসহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সোমবার বিকেল পর্যন্ত তাঁরা কোনো লিখিত অভিযোগ দেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন