সুজানগরে আওয়ামী লীগের ইফতার মাহফিল
![]() |
| অনেক নেতা-কর্মীর উপস্থিতিতে সুজানগরের মথুরাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ইফতার মাহফিল | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত |
কর্মীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে পাবনার সুজানগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার মথুরাপুর স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইফতার মাহফিলকে কেন্দ্র করে নেতা–কর্মীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা রয়েছে।
এই আয়োজনের উদ্যোগ নেন মোহাম্মদ রাব্বি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিব।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব। তিনি নেতা–কর্মীদের ধৈর্য ধরে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, জনগণের আস্থা এখনো আওয়ামী লীগের প্রতিই রয়েছে।
এ সময় সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরী, তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় চার থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের আগে মথুরাপুর মসজিদের ইমাম শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Comments
Comments