সিলেটে পুলিশ সদস্যকে যুবকের ঘুষি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে
![]() |
| প্রতীকী ছবি |
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাবনা মোড়ে পুলিশকে এক যুবকের ঘুষি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কিছু লোক তর্কাতর্কি করছেন। এর মধ্যে হঠাৎ খালি গায়ে এক যুবক একজন পুলিশ সদস্যের কানে জোরে ঘুষি মারেন।
গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি মূল ঘটনার একটি অংশ মাত্র। ঘটনার সূত্রপাত ওই দিন রাত দুইটার দিকে, যখন এক মালবাহী ছোট গাড়ি (পিকআপ ভ্যান) চালক শহরের সুবিদবাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে সময় সেখানে তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা চালককে থামার নির্দেশ দেন। তবে চালক সেই নির্দেশ না মেনে দ্রুত গাড়ি নিয়ে রিকাবিবাজারের দিকে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবিদবাজারে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা (সার্জেন্ট) বেতার যন্ত্রের (ওয়্যারলেস) মাধ্যমে জানান যে, এক গাড়িচালককে থামতে বলা হলেও তিনি শোনেননি। ওই কর্মকর্তা চালককে ছিনতাইকারী হিসেবে সন্দেহ করেন। খবর পেয়ে তিনি নিজেই গাড়িটির পিছু নেন। পথে কয়েকটি জায়গায় টহলরত পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলেও চালক থামেননি। শেষ পর্যন্ত দক্ষিণ সুরমার বাবনা মোড়ে গিয়ে চালক গাড়ি থামান। সেখানে ওই পুলিশ কর্মকর্তাও পৌঁছান এবং উপস্থিত লোকজনের সামনে চালককে ছিনতাইকারী হিসেবে সন্দেহ করেন। পুলিশের কথা শুনে সেখানে থাকা লোকজন চালককে এলোপাতাড়ি মারধর করেন।
মারধরের একপর্যায়ে লোকজন জানতে পারেন, ওই যুবক ছিনতাইকারী নন, বরং একজন সাধারণ চালক। এ সময় স্থানীয় পরিবহন নেতারা এসে পুলিশের ওপর ক্ষুব্ধ হন। ঠিক তখনই ওই যুবক সেখানে দাঁড়িয়ে থাকা আরেক পুলিশ সদস্যের কানে ঘুষি মারেন। এর কিছুক্ষণ পর যুবকটি বমি করতে শুরু করলে রাত তিনটার দিকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত চালকের নাম মো. জুয়েল মিয়া (৩০)। তাঁর বাড়ি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. রিয়াদুল কবির বলেন, ‘এই বিষয়ে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

Comments
Comments