[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভালুকায় বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

ময়মনসিংহের ভালুকায় বেতন ও ঈদের বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকালে উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন। এর ফলে সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পুলিশ ও আন্দোলনরত শ্রমিকদের সূত্রে জানা গেছে, ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী এলাকায় রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানায় প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের অভিযোগ, প্রতি মাসের বেতন সাধারণত ৭-৮ তারিখের মধ্যে দেওয়া হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো মেলেনি। অনেক কারখানায় ঈদের বোনাস দেওয়া হলেও তাঁরা তা পাননি। সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তাঁরা সড়কে নামেন।

কারখানাটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘ফেব্রুয়ারি মাসের বেতন দুই-এক দিনের মধ্যে দেওয়া হবে এবং ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস দেওয়া হবে। শ্রমিকেরা নিয়মবহির্ভূতভাবে ৬৫ শতাংশ অগ্রিম বেতন দাবি করলেও তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে যেসব শ্রমিক ঈদ বোনাস পাবেন না, তাঁদের অর্ধেক অগ্রিম বেতন দেওয়া হবে। আমাদের কিছু না জানিয়েই সড়ক অবরোধ করা হয়েছে। একটি গোষ্ঠী কারখানা বন্ধ করার উদ্দেশ্যে এসব করাচ্ছে।’

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ভালুকা মডেল থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান।

শিল্প পুলিশ-৫–এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে যায়। আলোচনার পর কারখানা কর্তৃপক্ষ আগামীকাল বেতন ও ১৫ তারিখের মধ্যে বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছে। এই সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকেরা কাজে ফিরেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন