খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
| গুলি | প্রতীকী ছবি |
খুলনায় শেখ সোহেল (৪১) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে শহরের খানজাহান আলী থানার আফিলগেট জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র (পেট্রলপাম্প) সংলগ্ন একটি মোটরসাইকেল মেরামতের কারখানায় (গ্যারেজ) এ ঘটনা ঘটে।
নিহত শেখ সোহেল খানজাহান আলী থানার আটরা শেখপাড়া এলাকার বাচ্চু শেখের ছেলে। তিনি মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে আফিলগেট এলাকার বিসমিল্লাহ মোটর গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বেলা সোয়া তিনটার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচটি গুলি ছোড়েন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ছোটাছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে হামলাকারীদের একজন খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শেখ সোহেল এবং তাঁর মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন যুবক তাঁকে গুলি করেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।
Comments
Comments